উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, প্রতিবেদনে মূলত পাইলটের উড্ডয়ন ত্রুটিকেই দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রশিক্ষণের সময় পরিস্থিতি পাইলটের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে তদন্তে উঠে এসেছে।
প্রেস সচিব আরও জানান, তদন্ত কমিটি ১৫০ জনের সঙ্গে সাক্ষাৎ ও বিশ্লেষণের মাধ্যমে ১৬৮টি তথ্য উদ্ঘাটন করেছে এবং ৩৩টি সুপারিশ করেছে। এর মধ্যে প্রধান সুপারিশ হলো— বিমানবাহিনীর সব প্রাথমিক প্রশিক্ষণ ঢাকা শহরের বাইরে সরিয়ে নেওয়া।
তদন্তে আরও পাওয়া যায়, মাইলস্টোন ক্যাম্পাসের ভবনটি রাজউকের বিল্ডিং কোডের অনুমোদন ছাড়া নির্মিত হয়েছিল। ভবনে তিনটি সিঁড়ি থাকার বাধ্যবাধকতা থাকলেও ছিল মাত্র একটি। তিনটি সিঁড়ি থাকলে হতাহতের সংখ্যা কম হতে পারত বলে প্রতিবেদনে উল্লেখ আছে।
উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে প্রশিক্ষণ চলাকালে বিমানটি দিয়াবাড়ির মাইলস্টোন ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। দেশের সামরিক ইতিহাসে সবচেয়ে বড় এ বিমান দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকসহ ৩৬ জন নিহত এবং শতাধিক আহত হন।
আপনার মতামত লিখুন :