অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তার চাকরিচ্যুতির বিষয়ে যা জানালো সেনা সদর


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৫, ৯:২৩ অপরাহ্ন

অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তার চাকরিচ্যুতির বিষয়ে যা জানালো সেনা সদর আসন্ন নির্বাচনে অর্পিত দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক।

বুধবার ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস ‘আলফা’-তে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সেনাবাহিনীর জিওসি আর্টডক লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সরকারের সময় গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া ১৫ সেনা কর্মকর্তার চাকরিচ্যুতি প্রসঙ্গে প্রশ্ন করা হয়। এ বিষয়ে সেনা সদরের পিএস পরিদপ্তরের এজি শাখার পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুস্তাফিজুর রহমান জানান, বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার আওতাভুক্ত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে অভিযোগপত্রে নাম এলে চাকরি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে কি না— তা স্পষ্টভাবে উল্লেখ নেই। তাই সেনা সদর সরকারের চূড়ান্ত নির্দেশনার অপেক্ষায় রয়েছে।

উল্লেখ্য, গত ২২ অক্টোবর জোরপূর্বক গুম এবং জুলাই অভ্যুত্থানকালে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে ১৫ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।