এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ গ্রেপ্তার


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২৫, ৭:১৮ অপরাহ্ন

এক্সিম ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফিরোজ হোসেনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজের নেতৃত্বে একটি বিশেষ টিম তাকে গ্রেপ্তার করে।

দুদক সূত্র জানায়, ঋণ বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চলতি বছরের ১৭ আগস্ট ফিরোজ হোসেনসহ মোট ২১ জনের বিরুদ্ধে মামলা করা হয়। অভিযোগে বলা হয়, ‘মদিনা ডেটস অ্যান্ড নাটস’ নামের একটি প্রতিষ্ঠান ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশ করে ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে কোনো জামানত ছাড়াই এবং পণ্য ক্রয় ছাড়া ৮৫৮ কোটি টাকা ঋণ উত্তোলন করে আত্মসাৎ করে।

এ ঘটনায় দণ্ডবিধি ৪০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা হয়েছে। এর আগে একই মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গত ১ অক্টোবর গুলশান থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

মামলার অন্যান্য আসামির মধ্যে আছেন মদিনা ডেটস অ্যান্ড নাটসের মালিক মোজাম্মেল হোসেনসহ এক্সিম ব্যাংকের সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তা এবং সাবেক পরিচালক ও স্বতন্ত্র পরিচালকগণ।