প্রাথমিকের সব প্রধান শিক্ষকের পদ ১০ম গ্রেডে উন্নীত


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২৫, ৯:০৩ অপরাহ্ন

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদোন্নতি চূড়ান্ত অনুমোদনের পথে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে।

বর্তমানে ১১ এবং ১২তম গ্রেডে থাকা এসব প্রধান শিক্ষকরা পদোন্নতি কার্যকর হলে ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা স্কেলে বেতন পাবেন।

গত ৪ নভেম্বর বিদ্যালয়-২ শাখা থেকে এ সংক্রান্ত চিঠি ইস্যু হয় এবং ৫ নভেম্বর যুগ্ম সচিব রেবেকা সুলতানা এতে সই করেন। এর আগে অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় নীতিগত সম্মতি প্রদান করে।

এ উন্নীতকরণ কার্যকর করতে ছয়টি শর্ত পূরণের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যয় ব্যবস্থাপনা ও বাস্তবায়ন অনুবিভাগের চূড়ান্ত সম্মতি, সচিব কমিটির অনুমোদন, নিয়োগবিধিতে সংশোধন এবং প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকদের ১৮ মাসের মধ্যে BTPT প্রশিক্ষণ সম্পন্ন করা।

সরকার বলছে, পদোন্নতি বাস্তবায়িত হলে প্রাথমিক শিক্ষায় নেতৃত্ব ও প্রশাসনিক দক্ষতা আরও বৃদ্ধি পাবে।