জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৫, ১২:০৯ অপরাহ্ন

আজ ৭ নভেম্বর, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই দিনটি বিশেষ গুরুত্ব বহন করে। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার সম্মিলিত বিপ্লবের মাধ্যমে তৎকালীন সেনাপ্রধান স্বাধীনতার ঘোষক মেজর জেনারেল জিয়াউর রহমান সাময়িক বন্দিদশা থেকে মুক্তি পান এবং দেশের রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটে।

বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো দিনটিকে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে।

বিএনপি সরকারের সময়ে দিনটিতে সরকারি ছুটি থাকলেও পরবর্তীতে আওয়ামী লীগ সরকার তা বাতিল করে। এর ফলে দীর্ঘদিন ধরে দিবসটি যথাযোগ্যভাবে পালন করা সম্ভব হয়নি বলে দলটির অভিযোগ।

এ বছর দিবসটি উপলক্ষে বিএনপি ৫ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দশদিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। আজ সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ১০টায় বিএনপির সবস্তরের নেতাকর্মীরা বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন। পাশাপাশি শোভাযাত্রা, আলোচনা সভা, ডকুমেন্টারি, পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশসহ বিভিন্ন কর্মসূচি সারাদেশে পালন করা হবে।