৩ দফা দাবিতে শনিবার থেকে প্রাথমিক শিক্ষকদের লাগাতার অবস্থান


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৫, ৩:৪৫ অপরাহ্ন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১০ম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন। আগামী শনিবার (৮ নভেম্বর) থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি শুরু করবে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’। নবীন শিক্ষক সংগঠনগুলোরও এতে অংশগ্রহণের ঘোষণা রয়েছে।

দাবিগুলো হলো—
১) সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীতকরণ,
২) ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান,
৩) শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।

সংগঠন জানায়, দেশে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত। বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা স্নাতক বা সমমান ডিগ্রি নিয়ে যেখানে ১০ম গ্রেড পাচ্ছেন, সেখানে স্নাতকসহ পেশাগত প্রশিক্ষণপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে রয়েছেন, যা অবিচার বলে তারা উল্লেখ করেন।

দাবি বাস্তবায়ন পরিষদের নেতারা জানান, আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ ব্যর্থ হওয়ায় এবার রাজপথেই লড়াই চালাতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান চলবে।

এদিকে আরেক অংশের শিক্ষক সংগঠন ১৫ নভেম্বর পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছে। দাবি বাস্তবায়ন না হলে তারা ২৩-২৭ নভেম্বর কর্মবিরতি ও অবস্থান এবং ১১ ডিসেম্বর থেকে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছে।