জামায়াত ইসলামীর সঙ্গে আদর্শগত মতপার্থক্যের কথা উল্লেখ করে জামায়াত বাদে সব ইসলামী দলকে ঐক্যের আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি বলেন, “জামায়াতের ইসলাম আর আমাদের ইসলাম এক নয়। আমরা মদিনার ইসলাম মানি, তারা মওদুদীর ইসলাম অনুসরণ করে।”
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দাওয়াতুল ইহসান আয়োজিত ‘কওমি মাদ্রাসার ইতিহাস, ঐতিহ্য ও অবদান’ শীর্ষক আলোচনা সভা ও জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বাবুনগরী অভিযোগ করে বলেন, মুসলিম উম্মাহ ও দেশের স্বাধীনতা–সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস বাংলাদেশে স্থাপনের সিদ্ধান্তকে তিনি “ধর্মীয় মূল্যবোধের জন্য অশনি সংকেত” বলে অভিহিত করেন।
তিনি জামায়াত প্রতিষ্ঠাতা সাইয়্যেদ আবুল আলা মওদুদীর সমালোচনা করে বলেন, মওদুদীর মতবাদ “ইসলামের ঘরের ভেতরের ফেতনা”, যা কাদিয়ানিবাদের চেয়েও ভয়ংকর।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন পাকিস্তানের আলেম আল্লামা ইলিয়াস গুম্মান, হেফাজত মহাসচিব মাওলানা সাজিদুর রহমান এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
আপনার মতামত লিখুন :