‘আমজনতার দল’-এর সদস্যসচিব তারেক রহমান রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবিতে টানা ১২৩ ঘণ্টা ধরে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন নির্বাচন কমিশনের (ইসি) প্রধান ফটকের সামনে। শারীরিক অবস্থার অবনতি হলেও তিনি অনশন চালিয়ে যাচ্ছেন এবং সিদ্ধান্ত থেকে সরে আসছেন না।
রবিবার (৯ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে দেখা যায়, তারেক রহমান স্যালাইন হাতে মাটিতে শুয়ে আছেন, দুর্বল কণ্ঠে কথা বলতে কষ্ট হচ্ছে। তিনি বলেন,
“আমি সিদ্ধান্তে অনড় আছি, এটা চলবেই। তারা তিনটা উপজেলা কোথায় পেল, পরে সেটা ৩৩ কিভাবে হলো — এটা আমি মানতে পারছি না।”
তিনি অভিযোগ করেন, অনশন শুরুর পর ইসির পক্ষ থেকে কেউ আর যোগাযোগ করেনি, শুধু একজন উপসচিব একবার এসেছিলেন, এরপর আর কেউ আসেননি।
অন্যদিকে, ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন,
“৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই। নির্বাচন কমিশন নিয়মের বাইরে যেতে পারে না।”
এর আগে, গত ৪ নভেম্বর, নির্বাচন কমিশন তিনটি দলকে (জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-মার্ক্সবাদী, এবং বাংলাদেশ আম জনগণ পার্টি) প্রাথমিক নিবন্ধন দেয়। তবে ‘আমজনতার দল’ তালিকা থেকে বাদ পড়ে, এবং সেদিন বিকেল থেকেই তারেক রহমান আমরণ অনশন শুরু করেন, যা এখন পঞ্চম দিনে গড়িয়েছে।


আপনার মতামত লিখুন :