আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার মাত্র দুই দিনের ব্যবধানে দেশের ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ এ পদে ব্যাপক এই রদবদল করা হয়েছে বদলি ও পুনর্বিন্যাসের মাধ্যমে, যাতে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হয় এবং নির্বাচন পরিচালনা নির্বিঘ্ন থাকে। নির্বাচনে জেলা প্রশাসকরাই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, রবিবার ১৪ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়, আর শনিবার রাতে আরও ১৫ জেলায় এই পরিবর্তন আনা হয়। সাম্প্রতিক মাসগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড় প্রশাসনিক রদবদল হিসেবে বিবেচিত হচ্ছে।
নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানকে ব্রাহ্মণবাড়িয়ার ডিসি করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আবদুল্লাহ আল মাসউদ ঝিনাইদহের ডিসি হয়েছেন, আর মেহেরপুরের ডিসি মোহাম্মদ আবদুল ছালাম এখন দায়িত্ব নেবেন নড়াইলে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহারকে মেহেরপুরে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লাকে কিশোরগঞ্জে এবং কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমানকে ময়মনসিংহে নিয়োগ দেওয়া হয়েছে।
শনিবার রাতে ঘোষিত প্রথম দফার বদলির তালিকায় ঢাকা, খুলনা, গাজীপুর, বগুড়া ও নোয়াখালীসহ ১৫ জেলার নাম রয়েছে। এর মধ্যে ছয়জন জেলা প্রশাসককে এক জেলা থেকে অন্য জেলায় স্থানান্তর করা হয়েছে এবং আরও নয়জন নতুন কর্মকর্তাকে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলম ঢাকায়, বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসান নোয়াখালীতে, খুলনার ডিসি মো. তৌফিকুর রহমান বগুড়ায় এবং ভোলার ডিসি মো. আজাদ জাহান গাজীপুরে বদলি হয়েছেন।
এছাড়া নতুন মুখ হিসেবেও বেশ কয়েকজন কর্মকর্তাকে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ বরগুনার, বাণিজ্য উপদেষ্টার একান্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরার এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কর্মকর্তা আফরোজা আখতার সাতক্ষীরার ডিসি হয়েছেন।
অন্যদিকে, যেসব জেলার ডিসিদের বদলি করা হয়েছে, তাদের বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনকে ঘিরে প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী করতে প্রয়োজনে আরও পরিবর্তন আনা হতে পারে।
আপনার মতামত লিখুন :