আজ শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রকামী আন্দোলনে অংশ নিয়ে প্রাণ দেন তরুণ নূর হোসেন। তার শরীরে লেখা ছিল— ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’। সেদিন পুলিশের গুলিতে নিহত হন তিনি। রক্তে রঞ্জিত হয় ঢাকার রাজপথ।
তার আত্মত্যাগ গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নতুন গতি সঞ্চার করে। ওই দিন যুবলীগ নেতা নূরুল হুদা বাবুল ও ক্ষেতমজুর নেতা আমিনুল হুদা টিটোও শহীদ হন। নূর হোসেনের আত্মাহুতি নব্বইয়ের দশকের শেষ ভাগে স্বৈরশাসনের পতন ত্বরান্বিত করে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের পথ উন্মুক্ত করে দেয়।
প্রতি বছরের মতো আজও নানা রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে শহীদ নূর হোসেন দিবস পালন করবে।
গণতন্ত্রের জন্য প্রাণ দেওয়া এই তরুণের স্মৃতি আজও স্বৈরাচারবিরোধী আন্দোলনের এক অনুপ্রেরণার প্রতীক হয়ে আছে।
আপনার মতামত লিখুন :