প্রাথমিক শিক্ষকদের সিদ্ধান্ত বদল, ফের কর্মবিরতি ঘোষণা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মধ্যরাতে সিদ্ধান্ত বদল করে আবারও কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ফলে আজ (সোমবার) থেকে সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ রয়েছে।

রবিবার রাতে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর শিক্ষকরা কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিয়েছিলেন। তবে পরে সহকারী শিক্ষকদের তীব্র প্রতিবাদের মুখে সিদ্ধান্ত পরিবর্তন করে পুনরায় কর্মসূচি চালুর ঘোষণা দেয় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ।

সংগঠনের নেতা মু. মাহবুবর রহমান বলেন, “আমরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। আজকের বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত এলে আমরা বিদ্যালয়ে ফিরব, না হলে আরও কঠোর আন্দোলন ঘোষণা দেওয়া হবে।”

শিক্ষকদের দাবি—সহকারী শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীতকরণসহ তিন দফা বাস্তবায়ন। এ নিয়ে সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা জানিয়েছেন, সহকারী শিক্ষকদের জন্য ১১তম গ্রেডের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, যা বর্তমানে বিবেচনাধীন। তবে দশম গ্রেড দেওয়া কতটা বাস্তবসম্মত, তা অর্থ মন্ত্রণালয় জানাবে বলে তিনি মন্তব্য করেন।

দেশে বর্তমানে ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত আছেন। কর্মবিরতির কারণে প্রায় ৯৬ লাখ শিক্ষার্থীর ক্লাস বন্ধ হয়ে গেছে।

আগামী ১ ডিসেম্বর থেকে প্রাথমিকের বার্ষিক পরীক্ষা এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে বৃত্তি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষকদের কর্মবিরতির কারণে শিক্ষার্থীদের প্রস্তুতিতে বড় ধরনের ব্যাঘাত ঘটছে।