রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর থানাধীন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে তারিক সাঈদ মামুন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। পরে দেখা যায়, এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন। স্থানীয়রা দ্রুত তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। ঢামেকের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের খালাতো ভাই হাফিজ জানান, তারিক সাঈদ মামুন কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন না। তিনি একজন সাধারণ মানুষ ছিলেন। কে বা কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা পরিবার জানে না।
ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ বলেন, গুলির শব্দ শুনে বাইরে গিয়ে দেখি একজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে দ্রুত হাসপাতালে আনা হয়, কিন্তু বাঁচানো সম্ভব হয়নি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, নিহতের লাশ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সূত্রাপুর থানাকে জানানো হয়েছে।
সূত্রাপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, সকাল ১০টা ৫৩ মিনিটে গুলির ঘটনা ঘটে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। হত্যাকারীদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।
আপনার মতামত লিখুন :