সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় সার্বিক নিরাপত্তার স্বার্থে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। রোববার (৯ নভেম্বর) হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আতিকুস সামাদের স্বাক্ষরে এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্ট দেশের বিচার বিভাগের সর্বোচ্চ প্রতিষ্ঠান, যেখানে প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিরা গুরুত্বপূর্ণ মামলা পরিচালনা করেন। এ ছাড়া এখানে দেশের বহু গুরুত্বপূর্ণ মামলার নথি সংরক্ষিত রয়েছে।
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, সুপ্রিম কোর্টের মালিকানাধীন জাতীয় ঈদগাহ মাঠ ও প্রধান বিচারপতির প্রবেশপথ সংলগ্ন ফোয়ারা এলাকায় অপরিচিত ও বহিরাগত লোকজনের আনাগোনা বেড়েছে, যা আদালত ও ট্রাইব্যুনালের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে।
এ পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট কম্পাউন্ড, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবন এবং সংলগ্ন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :