ড. মুহাম্মদ ইউনূস

একনেকে ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৫, ৪:৫২ অপরাহ্ন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ৭ হাজার ১৫০ কোটি ৯০ লাখ টাকার ১২টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে। সবগুলো প্রকল্পেই অর্থায়ন আসবে সরকারের নিজস্ব তহবিল থেকে।

সোমবার (১০ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।

সভায় ৯টি নতুন, ২টি সংশোধিত এবং ব্যয় না বাড়িয়ে মেয়াদ বাড়ানোর একটি প্রকল্প অনুমোদিত হয়। তবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ‘ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন’ প্রকল্পটি অনুমোদন না দিয়ে ফেরত পাঠানো হয়েছে।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে মানিকগঞ্জ ও সাতক্ষীরার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কিশোরগঞ্জ ও নেত্রকোনার হাওর অঞ্চলে ক্ষুদ্র সেচ ব্যবস্থাপনা উন্নয়ন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন এবং চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুরে একটি করে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন।

এছাড়া ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (তৃতীয় পর্যায়) প্রকল্প, স্বাস্থ্য খাতের তিনটি প্রকল্প— মা ও শিশু স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও নার্সিং অধিদপ্তরের উন্নয়ন এবং চলমান কর্মসূচির অসমাপ্ত কাজ সম্পন্নের উদ্যোগও অনুমোদন পেয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় ঢাকার নির্ঝর এলাকায় অফিসারদের জন্য ‘বি’ টাইপ বাসস্থান নির্মাণ, নড়াইল-কালিয়া মহাসড়কে নবগঙ্গা নদীর ওপর কালিয়া সেতু নির্মাণ প্রকল্পের মেয়াদ বাড়ানো এবং শিল্প মন্ত্রণালয়ের ‘বিসিক শিল্প পার্ক, টাঙ্গাইল’ প্রকল্প তৃতীয়বারের মতো সংশোধিত আকারে অনুমোদিত হয়েছে।

সভায় পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ সভাকে ইতোমধ্যে অনুমোদিত ৯টি অতিরিক্ত প্রকল্প সম্পর্কে অবহিত করেন। এসবের মধ্যে রয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধি, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়ন, মুক্তিযোদ্ধা সমাধিস্থল সংরক্ষণ, যুবদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, কৃত্রিম বুদ্ধিমত্তা দক্ষতা উন্নয়ন, উপকূলীয় বন ব্যবস্থাপনা, মেহেরপুরে কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন, ঢাকার অবকাঠামো উন্নয়ন এবং র‍্যাবের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির প্রকল্প।