প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন জাতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে। তিনি বলেন, “আপনারা এমন সময়ে বাংলাদেশে এসেছেন, যখন দেশটি এক ঐতিহাসিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে—একটি তরুণ-নেতৃত্বাধীন আন্দোলনের ফলাফল হিসেবে।
এখন আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বুধবার (১২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কানাডীয় সাত সদস্যের সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন ড. ইউনূস। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সিনেটর সালমা আতাউল্লাহজান। বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা জোরদার ও রোহিঙ্গা সংকট মোকাবিলায় সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।
রোহিঙ্গা ইস্যুতে ড. ইউনূস বলেন, “সংকটের আট বছর পেরিয়ে গেছে, কিন্তু এর একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশে প্রত্যাবর্তন। প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে, যাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।” এ সময় কানাডীয় সিনেটর সালমা আতাউল্লাহজান রোহিঙ্গা ইস্যুতে কানাডার অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং বলেন, “এটি একটি গুরুতর মানবিক উদ্বেগের বিষয়; বিশ্বের উচিত তাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা।
আপনার মতামত লিখুন :