রাজধানীর বিভিন্ন এলাকায় সম্প্রতি দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ একটি দলের আগামী ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচিকে ঘিরে কোনো সরাসরি নিরাপত্তা হুমকি নেই।
গত কয়েক দিনের অস্থিতিশীল পরিস্থিতিতে ঢাকার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনাগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিশেষ করে ডিএমপির ৫০টি থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, মাঠ পর্যায়ে পরিস্থিতির প্রভাব পুরোপুরি নিয়ন্ত্রণে নেই। দুর্বৃত্তরা শিক্ষা প্রতিষ্ঠানের যানবাহন এবং যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে, পাশাপাশি মুখোশ ও হেলমেট পরা একদল ব্যক্তি রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় নির্বিচারে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, গত ১১ দিনে রাজধানীর ১৫ স্থানে ১৭টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে থেকে রাষ্ট্রীয় স্থাপনা ও থানায় নিরাপত্তা জোরদার করেছে।
আপনার মতামত লিখুন :