কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির দিন আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীসহ সারা দেশে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। বুধবার (১২ নভেম্বর) বিকেলে সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও বাসসহ সব ধরনের গণপরিবহন সড়কে চলবে। তবে বাসে অগ্নিসংযোগসহ কোনো ধরনের নাশকতা এড়াতে দেশের সব টার্মিনাল ও পরিবহন মালিকদের সতর্ক করে চিঠি পাঠানো হয়েছে। প্রতিটি বাসে অগ্নিনির্বাপক যন্ত্র রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
জোবায়ের মাসুদ আরও জানান, সম্প্রতি ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক পরিবহন শ্রমিকের মৃত্যুর ঘটনায় বুধবার দেশের সব বাস টার্মিনালে শ্রমিকরা বিক্ষোভ করেছেন। তারা বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত টার্মিনালে পাহারা দেবেন যাতে কোনো নাশকতা না ঘটে। উল্লেখ্য, আওয়ামী লীগের নিষিদ্ধ কর্মসূচিকে ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গত দুই দিনে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যার প্রভাবে সড়কে যান চলাচল কিছুটা কমে গেছে।
আপনার মতামত লিখুন :