দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। বিষয়টি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য সহায়ক নয় বলে জানিয়েছে ঢাকা।
বুধবার (১২ নভেম্বর) সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় উপহাইকমিশনার পবন ভাদেকে তলব করে এ বিষয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক বাংলাদেশের পক্ষ থেকে বলেন, দিল্লিতে পলাতক সাবেক প্রধানমন্ত্রীর গণমাধ্যমে উপস্থিতি বাংলাদেশ–ভারত সম্পর্কের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন ও পলাতক এক ব্যক্তিকে আশ্রয় দিয়ে তাকে বাংলাদেশবিরোধী ঘৃণামূলক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর। তাই শেখ হাসিনার গণমাধ্যমে বক্তব্য প্রচার অবিলম্বে বন্ধে নয়াদিল্লিকে পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :