রাজধানীর তেজগাঁও স্টেশনে বুধবার রাত পৌনে ১০টার দিকে একটি পুরনো ট্রেনের বগিতে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। রেলওয়ে নিরাপত্তারক্ষীরা দুইজনকে আটক করেছেন। পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার আক্কাস আলী এবং ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জয়নাল বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ধোলাইপাড় মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
একইদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরপুর মডেল থানার এলাকায় ও শান্তিনগর টুইন টাওয়ারের সামনের এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানায়, পুলিশ চেকপোস্টের কাছে ভিড়ের মধ্যে একজন দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
রায়েরবাজারে ছয়টি পেট্রোলবোমা উদ্ধার এবং জিগাতলায় চারটি ককটেলসহ এক জনকে আটক করা হয়েছে। এছাড়া ঢাক বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশে মেট্রো স্টেশনের নিচে রাত সোয়া ৯টার দিকে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোহরাওয়ার্দী উদ্যান থেকে দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে, যার ফলে পরপর দুবার বিকট শব্দ শোনা যায়।
এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। আইনশৃঙ্খলা বাহিনী রাজধানীতে তৎপর অবস্থানে রয়েছে।
আপনার মতামত লিখুন :