শেখ হাসিনার রায় ঘিরে আদালতপাড়ায় কড়া নিরাপত্তা, রাজধানীজুড়ে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
বাংলার মুখ ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন
বহুল আলোচিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণাকে ঘিরে রাজধানীতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এ মামলার রায়ের তারিখ ঘোষণা করবেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে হাইকোর্ট মাজারসংলগ্ন ট্রাইব্যুনাল এলাকায় দেখা যায়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছেন। সেখানে বিজিবি ও ডিএমপির সাঁজোয়া যানও মোতায়েন করা হয়েছে।
এদিকে নিষিদ্ধ আওয়ামী লীগ এই রায়কে কেন্দ্র করে ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। সম্ভাব্য নাশকতা ও সহিংসতা ঠেকাতে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে ডিএমপির ১৭ হাজার সদস্য। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের বিশেষ ইউনিটও যৌথভাবে নিরাপত্তা কার্যক্রমে অংশ নিচ্ছে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, গত ১১ দিনে রাজধানীতে ১৫টি স্থানে ১৭টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, আর গত দুই দিনে ৯টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে সাধারণ মানুষের মাঝে আতঙ্কের পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কৌতূহলও দেখা দিয়েছে।
বৃহস্পতিবার সকালে ঢাকার সড়ক পরিস্থিতি ছিল তুলনামূলক স্বাভাবিক। সকাল ৭টার পর মিরপুর থেকে হাইকোর্টমুখী সড়কগুলোয় পুলিশকে সতর্ক অবস্থানে দেখা যায়। যান চলাচল স্বাভাবিক থাকলেও অন্যান্য দিনের তুলনায় গাড়ির সংখ্যা ছিল কিছুটা কম। বাংলামোটর মোড়ে যৌথ বাহিনীর টহলও চোখে পড়ে।
আপনার মতামত লিখুন :