‘অর্থপাচার’: সাবেক মেয়র সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে মামলা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২৫, ৯:১৭ অপরাহ্ন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, তার বোন শাহানা হানিফ ও প্রতিষ্ঠানটির এক কর্মচারীর বিরুদ্ধে ৫৪ কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের অভিযোগে বলা হয়েছে, সাঈদ খোকন প্রপার্টিজ লিমিটেডের নামে খোলা বিভিন্ন ব্যাংক হিসাবে লেয়ারিং প্রক্রিয়ার মাধ্যমে ৫৪ কোটি ৭৮ লাখ ৮৪ হাজার ৩০৪ টাকা অবৈধভাবে লেনদেন করা হয়। এসব লেনদেন সিটি ব্যাংক, এক্সিম ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকের মোট সাতটি অ্যাকাউন্টের মাধ্যমে সম্পন্ন হয়।

দুদকের ভাষ্য অনুযায়ী, শাহানা হানিফ ব্যাংক হিসাব খোলার সময় নিজের পেশা ও আয় সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছেন, আর তার ভাই সাঈদ খোকন, মেয়র থাকাকালীন সময়ে ম্যানেজার মো. রাজু আহমেদের সঙ্গে যোগসাজশে এসব অবৈধ লেনদেন করেন।

অভিযোগে বলা হয়েছে, এই কর্মকাণ্ডের মাধ্যমে তারা দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অপরাধ করেছেন।

দুদক শিগগিরই এ মামলার অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি নিচ্ছে বলে সূত্রে জানা গেছে।