স্বর্ণের দাম এবার ভরিতে বেড়েছে ৫ হাজার, আজ থেকে কার্যকর


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৫, ১২:০১ অপরাহ্ন

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভরিতে ৫ হাজার ২৪৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৭৯১ টাকা। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম আজ শুক্রবার থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ায় স্বর্ণের দামে এ সমন্বয় করা হয়েছে।

নতুন দরে ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৪ হাজার ৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তবে গহনার ডিজাইনভেদে মজুরিতে তারতম্য হতে পারে।

অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেট রুপার ভরি ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা ২ হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।