সবজির অস্বাভাবিক দাম বেড়েছে


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৫, ১২:১৬ অপরাহ্ন

রাজধানীর বিগত চার মাসের তুলনায় চলতি মাসের শুরুতে সবজির দাম কমেছিল, সেই সবজির দাম ফের বেড়েছে। । গত সপ্তাহে খানিকটা কমলেও শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে সব ধরনের সবজির দাম হঠাৎ বেড়ে গেছে। বিক্রেতাদের দাবি, বৃহস্পতিবারের রাজনৈতিক কর্মসূচির কারণে ঢাকায় সবজিবাহী ট্রাকের সংখ্যা কম ছিল, ফলে সরবরাহ কমে গিয়ে দাম বাড়েছে।

বাজারে প্রতি কেজি পটল ৮০ টাকা, শিম ১২০ টাকা, বেগুন ১০০ টাকা, ঝিঙ্গা ৮০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, বরবটি ১২০ টাকা ও করলা ১০০ টাকায় বিক্রি হচ্ছে। শসা ৮০ টাকা, আলু ৩০ টাকা, কচু ৬০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৫০ টাকা, লাউ ৭০–৮০ টাকা, কাঁচা টমেটো ১০০ টাকা, কাঁচামরিচ ১৬০ টাকা ও ঢেঁড়স ৮০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। টমেটো ও গাজরের দাম গিয়ে ঠেকেছে ১৪০ টাকা কেজিতে।

ক্রেতাদের অভিযোগ, এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব সবজিতেই ২০–৩০ টাকা করে দাম বেড়েছে। শীতের শুরুতে সবজির এমন দাম বাড়াকে তারা অস্বাভাবিক বলে মনে করছেন।

কর্মসূচিজনিত সংকটের কারণে সরবরাহ কমে যাওয়াকেই দাম বৃদ্ধির কারণ বলে দাবি করেছেন পাইকারি ব্যবসায়ীরা। কারওয়ান বাজারের ব্যবসায়ীদের মতে, এই সময়ে সাধারণত সবজির দাম কম থাকার কথা থাকলেও সরবরাহ কম থাকায় বাজারে দামের চাপ বেড়েছে।