প্রধান উপদেষ্টা

আগামী নির্বাচনে আ. লীগ অংশ নিতে পারবে না


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৫, ২:৫৭ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, স্থগিত কার্যক্রমের কারণে আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী ব্যারনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য জানান। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

বৈঠকে ফেব্রুয়ারির নির্বাচন, অবৈধ অভিবাসন রোধ, রোহিঙ্গা সংকট, বাণিজ্য সম্পর্ক জোরদার এবং বিমান–সামুদ্রিক খাতে সহযোগিতা বৃদ্ধির নানা বিষয় আলোচনায় আসে। প্রধান উপদেষ্টা বলেন, আসন্ন নির্বাচন হবে অংশগ্রহণমূলক, এবং দীর্ঘ ১৬ বছরের ‘স্বৈরশাসনে’ ভোটাধিকার থেকে বঞ্চিত কোটি যুবক এবার প্রথমবার ভোট দেওয়ার সুযোগ পাবে।

তিনি জানান, সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রয়েছে এবং নির্বাচন কমিশন দলটিকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তালিকা থেকেও বাদ দিয়েছে। এ কারণে দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না।

অধ্যাপক ইউনূস জুলাই চার্টারকে ‘বাংলাদেশের নতুন সূচনা’ হিসেবে উল্লেখ করে বলেন, এটি গত বছরের জুলাই–আগস্টের জনবিদ্রোহের চেতনার প্রতিফলন।

ব্রিটিশ মন্ত্রী চ্যাপম্যান রাজনৈতিক সংলাপে অগ্রগতির প্রশংসা করেন এবং নিরাপদ ও বৈধ অভিবাসনের ওপর গুরুত্ব আরোপ করেন। প্রধান উপদেষ্টা জানান, সরকার নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং বৈধ পথে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।

রোহিঙ্গা সংকট নিয়েও দুই নেতা আলোচনা করেন। অধ্যাপক ইউনূস শিবিরের তরুণদের শিক্ষা নিশ্চিত করার ওপর জোর দেন। একই সঙ্গে দুই দেশের বাণিজ্য, বিমান খাতের সহযোগিতা এবং সমুদ্র গবেষণার জন্য যুক্তরাজ্য থেকে গবেষণা জাহাজ কেনার বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, এসডিজি কো–অর্ডিনেটর লামিয়া মোর্শেদ এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক উপস্থিত ছিলেন।