জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেট পুনর্মিলনী অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের ৫০ ভাগ জনগোষ্ঠী নারী; তাদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করা ভুল হবে।
তিনি জানান, নারীদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্ব ও ক্ষমতায়ন ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়। নারীরা বিভিন্ন খাতে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করে দেশ–জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
শুক্রবার তিন দিনব্যাপী প্রথম পুনর্মিলনীর দ্বিতীয় দিনের আয়োজন ছিল জমকালো। অনুষ্ঠানে উপস্থিত হলে সেনাপ্রধানকে স্বাগত জানান ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ সভাপতি, জিওসি ১১ পদাতিক ডিভিশন, কলেজ অধ্যক্ষসহ অন্যান্য অতিথিরা। পরে তিনি পুনর্মিলনী উদ্বোধন করেন এবং প্যারেডের সালাম গ্রহণ করেন।
ভাষণে সেনাপ্রধান বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের সফলতা কামনা করে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান। পরে তিনি অতিথি ও ক্যাডেটদের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেন। তিন দিনব্যাপী পুনর্মিলনী শুরু হয়েছে বৃহস্পতিবার, ১৩ নভেম্বর।
আপনার মতামত লিখুন :