ভোলায় তিন উপদেষ্টাকে অবরুদ্ধ করলেন স্থানীয়রা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৫, ৯:০৫ অপরাহ্ন

ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ পাঁচ দফা দাবিতে ভোলায় সফররত অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টাকে প্রায় ২০ মিনিট ধরে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় ‘আমরা-ভোলাবাসী’ সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে উপদেষ্টাদের গাড়ির সামনে শুয়ে পড়ে তারা বিক্ষোভ শুরু করেন।

অবরুদ্ধ উপদেষ্টারা হলেন—বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এর আগে তারা জেলা অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত এক মতবিনিময় সভায় অংশ নেন।

আন্দোলনকারীদের অভিযোগ, এর আগে আলোচনায় কর্মকর্তারা আশ্বাস দিয়েছিলেন ডিসেম্বরেই ভোলা–বরিশাল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ শুরু হবে। কিন্তু সভায় উপদেষ্টা ফাওজুল কবির খান জানান, সেতুর নকশা তৈরির কাজও এখনো শুরু হয়নি এবং পরিকল্পনাটি নীতিগত অনুমোদনে আটকে আছে—এমন মন্তব্যে ক্ষিপ্ত হন আন্দোলনকারীরা।

পরে উপদেষ্টারা সভা শেষে বের হলে বিক্ষোভকারীরা তাদের গাড়ির পথরোধ করে তীব্র স্লোগানে পরিবেশ উত্তপ্ত করে তোলেন। স্থানীয় রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে উপদেষ্টারা স্থান ত্যাগ করতে সক্ষম হন।

বিক্ষোভকারীরা সাংবাদিকদের বলেন, সরকারের দেওয়া প্রতিশ্রুতি বারবার বদলে যাওয়ায় তারা প্রতারিত বোধ করছেন। তাদের হুঁশিয়ারি—ভোলা-বরিশাল সেতুসহ পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত ভোলার বাইরে গ্যাস নিতে দেওয়া হবে না।