অনিবন্ধিত মোবাইল ব্যবহারকারীদের জন্য সুখবর দিল বিটিআরসি


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৫, ৩:৫৮ অপরাহ্ন

দেশে অবৈধ ও অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেট বন্ধের তারিখ ঠিক থাকলেও—২৬ ডিসেম্বর—এর আগে যারা অনিবন্ধিত ফোন ব্যবহার করছেন তাদের জন্য বড় স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সংস্থাটি জানিয়েছে, ১৬ ডিসেম্বরের আগে নেটওয়ার্কে সক্রিয় থাকা সব মোবাইল ফোন—বৈধ, অবৈধ বা ডাটাবেইজে অনুপস্থিত—স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে এবং স্বাভাবিকভাবেই ব্যবহার করা যাবে।

রোববার প্রকাশিত বিটিআরসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) সিস্টেম চালুর সঙ্গে সঙ্গে এই স্বয়ংক্রিয় নিবন্ধন কার্যক্রম শুরু হবে। এর ফলে বহু বছর ধরে ব্যবহৃত, কিন্তু অনিবন্ধিত হ্যান্ডসেট নিয়ে উদ্বেগে থাকা গ্রাহকরা হঠাৎ করে নেটওয়ার্ক বিচ্ছিন্নতার ঝুঁকি থেকে আপাতত মুক্ত থাকছেন।

কোন ফোন বৈধ? জানার উপায়

ফোনের বৈধতা যাচাই করতে গ্রাহকদের জন্য সহজ নির্দেশনাও দিয়েছে বিটিআরসি:

  • হ্যান্ডসেটের IMEI নম্বর পেতে ডায়াল করুন *#06#

  • মেসেজে লিখুন: KYD <স্পেস> ১৫ ডিজিটের IMEI

  • পাঠিয়ে দিন ১৬০০২ নম্বরে

  • ফিরতি বার্তায় জানিয়ে দেওয়া হবে ফোনটি বৈধ নাকি অবৈধ

সহায়তা ও তথ্যসেবা

  • NEIR সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বিটিআরসির হেল্পডেস্ক ১০০-এ কল করা যাবে

  • যেকোনো অপারেটর থেকে ডায়াল করে পাওয়া যাবে *16161# সেবা

  • অপারেটরদের কাস্টমার কেয়ার ১২১–এ যোগাযোগ করা যাবে

  • আরও তথ্য: neir.btrc.gov.bd

নতুন এই ব্যবস্থা কার্যকর হলে দেশে আমদানি-নির্ভর মোবাইল বাজারে বৈধ ও অবৈধ হ্যান্ডসেটের পার্থক্য স্পষ্ট হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে দীর্ঘদিনের অনিয়ম কমে আসবে বলেও মনে করা হচ্ছে।