উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৫, ১১:১৭ অপরাহ্ন

রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে রোববার রাতে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। রাত ৯টার দিকে হওয়া এ ঘটনায় কেউ আহত হয়নি।

রিজওয়ানা হাসান ঘটনাটি নিশ্চিত করে বলেন, বিস্ফোরণের পরপরই অজ্ঞাত দুর্বৃত্তরা স্থান ত্যাগ করে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, বাসার সামনের রাস্তা দিয়ে হেঁটে এসে দুই ব্যক্তি বিস্ফোরক নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বলে জানায়।

এর মাত্র দেড় ঘণ্টা আগে কারওয়ানবাজারের সার্ক ফোয়ারা মোড়েও দুইটি ককটেল বিস্ফোরণ হয়। সেখানেও হতাহতের ঘটনা ঘটেনি।

আগামী সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে শহরে টানটান উত্তেজনা বিরাজ করছে। গত সপ্তাহে আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির পর থেকে ঢাকাসহ বিভিন্ন এলাকায় বাসে আগুন, ট্রেনে নাশকতা ও ককটেল বিস্ফোরণ বেড়েছে।

শনিবার গভীর রাত থেকে রোববার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ এই সময় আওয়ামী লীগের অন্তত ১৮ জন কর্মীকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে।