ট্রাইব্যুনাল চত্বরে হাজির শহীদ মুগ্ধর ভাই, ডাকসু ভিপি ও জুলাই আহতরা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৫, ১২:০৬ অপরাহ্ন

ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ সোমবার সকালে ছিল অস্বাভাবিকভাবে গম্ভীর ও উত্তেজনাপূর্ণ। জুলাই গণ–অভ্যুত্থানে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, ডাকসুর ভিপি সাদিক কায়েম, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী এবং সেই সময় আহত অনেকেই রায় শোনার অপেক্ষায় প্রাঙ্গণে উপস্থিত হন।

আজ ঘোষিত হবে জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলার রায়। এ মামলায় আসামি তিনজন—ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল–মামুন। এর মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান বর্তমানে ভারতে অবস্থানরত এবং পলাতক হিসেবে বিবেচিত।

রায়কে ঘিরে ট্রাইব্যুনাল চত্বরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। ট্রাইব্যুনাল–১ এর বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ থেকে রায় সরাসরি সম্প্রচার করা হবে।

গণ–অভ্যুত্থানের সময়কার সহিংসতা ও হত্যাকাণ্ডের দীর্ঘ প্রতীক্ষিত বিচার সামনে রেখে ভোর থেকেই ট্রাইব্যুনাল প্রাঙ্গণে জড়ো হয়েছেন আহতরা, আন্দোলনকারীরা এবং শহীদ পরিবারের সদস্যরা—নীরবে, কিন্তু প্রত্যাশা নিয়ে।