পল্লবীতে দোকানে ঢুকে যুবদল নেতা গুলিতে নিহত


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৫, ৯:৪১ অপরাহ্ন

মিরপুরের পল্লবীতে দোকানে বসে থাকা অবস্থায় যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত হামলাকারীরা। সোমবার সন্ধ্যায় পল্লবী থানার পেছনের সি ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সন্ধ্যা প্রায় ৬টা ৪০ মিনিটে মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি দোকানে ঢুকে কিবরিয়ার মাথা, বুক ও পিঠে কাছ থেকে সাত রাউন্ড গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে সাতটি খোসা উদ্ধার করা হয়। হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে।

গুরুতর আহত অবস্থায় তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

পল্লবী থানার ওসি মফিজুর রহমান জানান, নিহত কিবরিয়া যুবদলের সদস্যসচিব ছিলেন। কারা এ হামলা চালিয়েছে ও এর পেছনের উদ্দেশ্য কী—তা তদন্ত করে দেখা হচ্ছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, ঘটনার সময় কিবরিয়া দোকানে বসে ছিলেন। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পুলিশ ঘটনাটিকে পরিকল্পিত টার্গেট কিলিং হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করেছে।