সাবেক ভূমিমন্ত্রীর স্বার্থসংশ্লিষ্ট তিন ব্যক্তির শেয়ার অবরুদ্ধের আদেশ


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৫, ১২:৪১ অপরাহ্ন

ঢাকা মহানগর দায়রা জজ আদালত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের স্বার্থসংশ্লিষ্ট তিন ব্যক্তির নামে মেঘনা ব্যাংকে থাকা ৪ কোটি ৬৪ লাখ ৬৩ হাজার ৪৫৫টি শেয়ার অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন। আজ মঙ্গলবার শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

শেয়ার অবরুদ্ধ হওয়া তিন ব্যক্তির মধ্যে রয়েছেন মেঘনা ব্যাংক পিএলসির সাবেক পরিচালক ইমরানা জামান চৌধুরী, স্টিডফাস্ট ম্যানেজমেন্ট ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক উৎপল পাল ও পরিচালক নাসিম উদ্দিন মোহাম্মদ আদিল।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইমের উপপরিদর্শক মো. নাফিজুর রহমান আদালতে আবেদন করেন, যেখানে বলা হয়, অভিযুক্তরা অবৈধ অর্থ বৈধ করার উদ্দেশ্যে বিভিন্ন ব্যাংক হিসাব ব্যবহার করে মেঘনা ব্যাংক পিএলসিতে ৫৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ক্রয় করেন। তাদের মাধ্যমে ১৩ লাখ ৪০ হাজার ৫১০ মার্কিন ডলার সিঙ্গাপুর ও দুবাই থেকে বাংলাদেশে আনা হয়। পরে এই অর্থ ইমরানা জামান ও স্টিডফাস্ট ম্যানেজমেন্টের ব্যাংক হিসাবে স্থানান্তরিত হয়।

আদালত জানায়, এই শেয়ার অবরুদ্ধ না করলে অভিযুক্তরা সহজেই এগুলো বিক্রি করে অবৈধভাবে অর্থ উত্তোলন করতে পারেন। তাই, অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মেঘনা ব্যাংক পিএলসিতে তাদের নামে থাকা শেয়ার অবরুদ্ধ করা একান্ত জরুরি ছিল।