৬৭৮ কোটি টাকার মানিলন্ডারিং: ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে মামলা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৫, ১:৫৪ অপরাহ্ন

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট স্বর্ণ ও হীরা চোরাচালানের মাধ্যমে ৬৭৮ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে মামলা করেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর থেকে সিআইডি ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের আর্থিক লেনদেন, নথিপত্র এবং ব্যাংক হিসাব পর্যালোচনা শুরু করে। অনুসন্ধানে জানা যায়, প্রতিষ্ঠানটি স্থানীয় বাজার থেকে চোরাচালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা সংগ্রহ করে অবৈধভাবে অর্থ উপার্জন করেছে। প্রাথমিক প্রমাণে এ অভিযোগের সত্যতা মেলায় সিআইডি ১৭ নভেম্বর দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে ৬৭৮ কোটি ১৯ লাখ ১৪ হাজার ১৪ টাকার মানিলন্ডারিং মামলা রুজু করেছে।

সিআইডির তদন্তে আরও জানা যায়, ২০০৬ থেকে ২০২৪ সালের মধ্যে ডায়মন্ড ওয়ার্ল্ড ৩৮ কোটি ৪৭ লাখ টাকার স্বর্ণ ও অলংকার বৈধভাবে আমদানি করলেও, স্থানীয় বাজার থেকে কেনা অথবা বিনিময় পদ্ধতিতে অবৈধভাবে ৬৭৮ কোটি টাকার স্বর্ণ ও হীরা সংগ্রহ করেছে। তবে প্রতিষ্ঠানটি এসব মালামালের উৎস বা সরবরাহকারীর বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছে, যা থেকে ধারণা করা হচ্ছে, এসব সম্পদ চোরাচালানকারীভাবে দেশে আনা হয়েছে।

সিআইডি জানিয়েছে, এই মানিলন্ডারিংয়ের প্রাথমিক সত্যতা পাওয়ার পর, ১৬ নভেম্বর মামলার অনুমোদন দেয়া হয় এবং গুলশান থানায় দায়ের করা মামলার তদন্ত সিআইডি করবে। প্রয়োজনীয় নথি, ব্যাংক লেনদেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য যাচাই করে আইনানুযায়ী তদন্ত পরিচালনা করা হবে।