ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী দেশের মোট ভোটার দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। খসড়া তালিকার তুলনায় সংখ্যা সামান্য বেড়েছে।
মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের অন্তর্ভুক্ত করেই চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে।
চূড়ান্ত তালিকা অনুযায়ী পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন। গত বছরের তুলনায় নারী ভোটারের প্রবৃদ্ধি হার উল্লেখযোগ্য—৪.১৬ শতাংশ, যেখানে পুরুষ ভোটারের ক্ষেত্রে তা ২.২৯ শতাংশ।
ইসি জানায়, যারা ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছরে পৌঁছেছেন, তারাই প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন। এ নিয়ে নির্বাচনপূর্ব প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ একটি মাইলফলক পূরণ হলো কমিশনের।
আপনার মতামত লিখুন :