গাজীপুরে কয়েল কারখানায় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে ৭ ফায়ার ইউনিট


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৫, ২:৫৩ অপরাহ্ন

গাজীপুরের বাঘেরবাজারে অবস্থিত স্ট্যান্ডার্ড ফিনিক্স কয়েল কারখানায় বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের মতে, হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে প্রথমে কারখানার নিরাপত্তাকর্মীরা তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। আগুনের তীব্রতা বাড়তে থাকায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ চালাচ্ছে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম অফিসার লিমা খানম ইত্তেফাক অনলাইনকে নিশ্চিত করেছেন, আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছেন।

আক্রান্ত ভবনের আশেপাশের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। তবে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও কারণ সম্পর্কিত প্রাথমিক তথ্য এখনও জানা যায়নি।