শেয়ারবাজার কেলেঙ্কারি তদন্তে সাকিব আল হাসানকে দুদকের তলব


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৫, ৫:১৪ অপরাহ্ন

শেয়ারবাজারে জালিয়াতি ও কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে করা মামলার তদন্তে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মোট ১৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বৃহস্পতিবার জানান, অভিযুক্ত ব্যবসায়ী মোহাম্মদ আবুল খায়ের ওরফে হিরু বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে শেয়ারবাজারে অনিয়ম ও কারসাজির মাধ্যমে অর্থ আত্মসাৎ করেন এবং অর্জিত অর্থ লেয়ারিং করে বিভিন্ন খাতে সরান। এই ঘটনায় সাকিবসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হওয়ায় তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

নোটিশ অনুযায়ী, আগামী ২৬ নভেম্বর সাকিবকে দুদক কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে। মামলার ১৫ আসামিকে ২৫ ও ২৬ নভেম্বর দুই দিনেই জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

গত ১৭ জুন দুদক ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করে। আলাদা একটি অভিযোগে সাকিবের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অনুসন্ধানও চলমান রয়েছে, যা নিয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে দুদক সূত্র জানিয়েছে।