মেজর সিনহা হত্যা : ওসি প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড বহালের রায় প্রকাশ


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৫, ৫:৫৪ অপরাহ্ন

বাংলাদেশের বহুল আলোচিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় সাবেক টেকনাফ ওসি প্রদীপ কুমার দাশ এবং পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। একই সঙ্গে মামলার ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ডও বহাল রাখা হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় প্রকাশ করেন। আইন অনুযায়ী, আসামিরা এখন ৩০ দিনের মধ্যে এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন।

এর আগে ২ জুন আদালত মৃত্যুদণ্ড বহালের সিদ্ধান্ত দেন এবং ছয় আসামির যাবজ্জীবন দণ্ড বজায় রাখেন। আদালত প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানার আদেশও বহাল রেখেছে। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন— টেকনাফ থানার সাবেক এসআই নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল রুবেল শর্মা, সাগর দেব এবং বাহারছড়া এলাকার নুরুল আমিন, মোহাম্মদ আইয়াজ ও মো. নিজাম উদ্দিন।

মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষ হয় গত ২৯ মে।

২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার–টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে পরিদর্শক লিয়াকতের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা। ঘটনার পাঁচ দিন পর সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস মামলা দায়ের করেন। র‌্যাব একই বছরের ১৩ ডিসেম্বর ১৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয়, যেখানে হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত হত্যা’ হিসেবে উল্লেখ করা হয়।

২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদণ্ড এবং আটজনকে যাবজ্জীবন দণ্ড প্রদান করে রায় ঘোষণা করেন। পরে মামলাটি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে আসে এবং দণ্ডপ্রাপ্ত আসামিরা আপিল করেন।