৩৪ অস্ত্রোপচার শেষে ১২২ দিন পর বাসায় ফিরল মাইলস্টোনের ছাত্র আরিয়ান


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৫, ৬:১১ অপরাহ্ন

মাইলস্টোন এভিয়েশনের ভয়াবহ দুর্ঘটনায় ৪০ শতাংশের বেশি দগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করা ছোট্ট আরিয়ান অবশেষে ১২২ দিনের দীর্ঘ চিকিৎসাযুদ্ধের পর বাড়ি ফিরেছে। বৃহস্পতিবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ছেড়ে হাসিমুখে হাসপাতাল ছাড়ে ১১ বছর বয়সী এই ছাত্র।

গত জুলাইয়ের দুর্ঘটনার পর প্রথম আট দিন তাকে ভেন্টিলেশনে রাখতে হয়েছিল। এরোনারি কেয়ার ইউনিট ও আইসিইউতে কাটানো সেই দিনগুলোতে চিকিৎসকেরা তাকে নিয়ে আশাবাদী ছিলেন না। তবু হাল ছাড়েনি আরিয়ান—আর তার চিকিৎসক দলও না।

এই চার মাসে আরিয়ানের শরীরে হয়েছে মোট ৩৪টি অস্ত্রোপচার—ত্বক প্রতিস্থাপন, গ্রাফটিং, ইনফেকশনের বিরুদ্ধে লড়াই, প্রতিটি ধাপ ছিল নতুন পরীক্ষা। তবু সমস্ত প্রতিকূলতা পেরিয়ে শিশুটি আজ নিজের পায়ে দাঁড়িয়ে বাড়ি ফিরেছে।

বৃহস্পতিবার সকালে ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আবেগ চাপতে পারেননি আরিয়ানের মা। তিনি বলেন, “আমি ভেবেছিলাম আর কখনো ছেলেকে কোলে নিতে পারব না। আমাদের ঘরের দরজা যেন ১২২ দিন বন্ধ ছিল। আজ আবার খুলল।”

ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ নাসির উদ্দীন বলেন, “আরিয়ানের কেস ছিল আমাদের ক্যারিয়ারের কঠিনতম চ্যালেঞ্জগুলোর একটি। শারীরিক দগ্ধের পাশাপাশি তাকে মানসিক ট্রমা থেকেও উদ্ধার করতে হয়েছে।”

তিনি জানান, আরিয়ানকে মোট আট দিন আইসিইউতে ভেন্টিলেটর সাপোর্টে রাখতে হয়েছিল। হাসপাতাল তাকে বাড়ি ফেরার পরবর্তী পূর্ণ ফলোআপ নির্দেশনাও দিয়ে দিয়েছে।

দীর্ঘ চিকিৎসার পর আরিয়ানের ফিরে আসা চিকিৎসকদের নিখুঁত যত্ন এবং শিশুটির অবিশ্বাস্য মানসিক শক্তির এক জীবন্ত উদাহরণ।