অপরাশেন থিয়েটারে মা, জানেন না ভূমিকম্পে ছেলে মারা গেছে


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৫, ২:২২ অপরাহ্ন

রাজধানীর বংশালের কসাইটুলিতে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে আঘাত হানা ভূমিকম্পে পাঁচতলা ভবনের রেলিং ভেঙে পড়ে তিনজন নিহত হন। সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া শিক্ষার্থী রাফির লাশ পড়ে আছে, আর তার মা নুসরাত অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন।

মায়ের জ্ঞানেই নেই যে, তার ছেলে আর পৃথিবীর আলো দেখবে না। আহত অবস্থায়ও তিনি বারবার জিজ্ঞেস করছেন, “রাফি কেমন আছে?”। রাফির সহপাঠী জানিয়েছেন, সকালবেলা মা-মেয়ের সঙ্গে বাজারে গিয়েছিলেন রাফি; হঠাৎ ভবনটির রেলিং ভেঙে তাদের উপর পড়ে। আশপাশের লোকজন দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলেও চিকিৎসকরা রাফিকে মৃত ঘোষণা করেন।

মর্মাহত পরিবারে খবরটি এখনও পুরোপুরি পৌঁছায়নি। রাফির একমাত্র বোন হাসপাতালে ছুটে এসেছে, ভাইয়ের মৃত্যু আর মায়ের যন্ত্রণা তার ওপর শোকের ভার ফেলেছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদীর মাধবদী, মাত্রা ৫.৭। এটি মধ্যম মাত্রার ভূমিকম্প ছিল। পুলিশ জানিয়েছে, কসাইটুলিতে তিনজন পথচারি নিহত হয়েছেন; মৃতদের মধ্যে একজন রাফি।