ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্পে অন্তত পাঁচজনের মৃত্যু এবং বহু মানুষের আহত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।
শুক্রবার দুপুরে এক বিবৃতিতে তিনি জানান, ভূমিকম্পের পর দেশজুড়ে সৃষ্টি হওয়া আতঙ্ক ও উদ্বেগ সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ক্ষয়ক্ষতির মাত্রা দ্রুত নিরূপণে মাঠপর্যায়ে কাজ শুরু করতে প্রশাসন, ফায়ার সার্ভিস ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ঢাকাসহ বিভিন্ন জায়গা থেকে পাওয়া প্রাথমিক ক্ষয়ক্ষতির খবরের পর ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে উদ্ধার ও সহায়তায় নেমেছে। নাগরিকদের সতর্ক থাকতে এবং কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে কান না দিতে আহ্বান জানানো হয়েছে।
সরকার প্রয়োজন অনুযায়ী হটলাইনসহ অতিরিক্ত নির্দেশনা দেবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “নাগরিকদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”
আপনার মতামত লিখুন :