শুক্রবার সকালে সারা দেশে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে বড় ও ছোট—মোট সাতটি বিদ্যুৎকেন্দ্র অচল হয়ে পড়ে, বন্ধ হয় একটি গ্রিড সাবস্টেশনও। তবে চাহিদা তুলনামূলক কম থাকায় জাতীয় গ্রিডে বড় ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি হয়নি বলে জানিয়েছে পিজিসিবি ও বিপিডিবি।
বিপিডিবির তথ্য অনুযায়ী, বেলা ১১টা ৫০ মিনিট পর্যন্ত সামিটের বিবিয়ানা ৩৪১ মেগাওয়াট কেন্দ্র, বিপিডিবির বিবিয়ানা-৩ (৪০০ মেগাওয়াট), আশুগঞ্জের তিনটি ইউনিট (২২৫, ৫৫ ও ৫০ মেগাওয়াট), চট্টগ্রামের এসএস পাওয়ারের একটি ৬০০ মেগাওয়াট ইউনিট এবং সিরাজগঞ্জের ৭৫ মেগাওয়াট ইউনিট বন্ধ হয়ে যায়।
এছাড়া ঘোড়াশাল সাবস্টেশনের অগ্নিকাণ্ডে ২৩০, ১৩২ ও ৩৩ কেভি লাইন বিচ্ছিন্ন থাকে।
কর্তৃপক্ষ জানায়, যেসব কেন্দ্র বন্ধ হয়েছে সেগুলো পুনরায় চালু করতে সময় লাগবে। তবে চাহিদা কম থাকায় দেশব্যাপী লোডশেডিংয়ের আশঙ্কা সীমিত।
দিনের শুরুতে ভূমিকম্পের পরই কয়েকটি অঞ্চলে উৎপাদন ও বিতরণে বিঘ্নের খবর নিশ্চিত করে বিপিডিবি। সংস্থাটির জনসংযোগ পরিচালক জানান, ক্ষতিগুলো চিহ্নিত করে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরানোর কাজ চলছে।
আপনার মতামত লিখুন :