দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছেছেন। ড্রুক এয়ারের বিশেষ ফ্লাইটটি সকাল ৮টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়, যেখানে প্রধানমন্ত্রী টোবগে সকালে সংঘটিত ভূমিকম্পে হতাহতের বিষয়ে গভীর সমবেদনা জানান।
এর পর টোবগেকে বিমানবন্দরের অভিবাদন মঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ১৯ বার তোপধ্বনি এবং গার্ড অব অনার প্রদান করা হয়।
ঢাকায় তার প্রথম কর্মসূচি সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ। বিকেলে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টার পৃথক বৈঠক হওয়ার কথা রয়েছে। পরে তিনি তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ইউনূসের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন।
সন্ধ্যায় তার সম্মানে আয়োজিত সরকারি ভোজসভায় যোগ দেওয়ার কথা রয়েছে টোবগের।
আপনার মতামত লিখুন :