ভূমিকম্পে মেট্রোরেলের ছয় স্টেশনে ফাটল


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৫, ১:১৪ অপরাহ্ন

রাজধানীতে শুক্রবারের ৫.৭ মাত্রার ভূমিকম্প মেট্রোরেলের অন্তত ছয়টি স্টেশনে কাঠামোগত ক্ষতির চিহ্ন রেখে গেছে। প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে—কারওয়ান বাজার, বিজয় সরণি, পল্লবী, মিরপুর–১০, মিরপুর–১১ এবং ফার্মগেট স্টেশনের বিভিন্ন অংশে ফাটল তৈরি হয়েছে।

কারওয়ান বাজার ও বিজয় সরণিতে বৈদ্যুতিক সাব–স্টেশন কক্ষের ফ্লোরে ফাটল ধরা পড়ে। বিজয় সরণির সাব-স্টেশনের প্রবেশদ্বারের দেয়ালেও চির দেখা গেছে।
পল্লবী স্টেশনে সাব–স্টেশন ও নিয়ন্ত্রণ কক্ষের দেয়ালে ফাটল পাওয়া গেছে।
মিরপুর–১১–তে সাব–স্টেশনের মেঝেতে, আর মিরপুর–১০–এ কয়েকটি টাইলসে ফাটল শনাক্ত হয়।
ফার্মগেট স্টেশনে লিফট কোরের ভেতরের দেয়ালেও ক্ষতি ধরা পড়ে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, ফাটলগুলো গুরুতর নয়। চলমান পরীক্ষা–নিরীক্ষার পর কোনো ঝুঁকি না পাওয়ায় মেট্রোরেল চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। তিনি বলেন, ভূমিকম্পের পর স্টেশনগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।