একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট: ইসির সামনে নতুন চ্যালেঞ্জ


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৫, ৯:১২ অপরাহ্ন

নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন নির্বাচন কমিশনের জন্য অভূতপূর্ব চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শনিবার গুলশানে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস আয়োজিত কর্মশালায় তিনি জানান, এমন পরিস্থিতিতে আগের কোনো কমিশনের কাজ করার অভিজ্ঞতা নেই।

সিইসি নিশ্চিত করেছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের জন্য কমিশনকে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। গণভোটের আইন পাশ হলে প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

তিনি উল্লেখ করেন, এবারের কমিশন অতীতের যে কোনো কমিশনের তুলনায় ভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি। “আইন মেনে কাজ করাই একমাত্র পথ, অন্য কোনো বিকল্প নেই,” বলেন নাসির উদ্দিন।

সিইসি আরও বলেন, ভোটার তালিকায় প্রায় ২১ লাখ মৃত ব্যক্তির নাম এখনও রয়েছে। নীলফামারিতে মিয়ানমারের ২০–২৫ জন নাগরিকও তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। বিদেশে বসবাসরত ভোটারদের পোস্টাল ভোট প্রক্রিয়া জটিল।

গণভোট নিয়ে তিনি জানান, চূড়ান্ত আইন না হওয়ার কারণে ব্যালটের ধরন এখনও ঠিক হয়নি। তবে প্রস্তাবিত চারটি পয়েন্টে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট নেওয়া হবে।

সবশেষে সিইসি বলেন, “তথ্যপ্রযুক্তি এখন নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কমিশন স্বচ্ছ ও গ্রহণযোগ্য ভোট আয়োজনের বিষয়ে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।”