গুমের মামলায় ট্রাইব্যুনালে হাজির ১৩ সেনা কর্মকর্তা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন

বাংলাদেশে গুম ও নির্যাতনসংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় রোববার সকালে ১৩ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ হাজির করা হয়েছে। সকালে কড়া নিরাপত্তার মধ্যে প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয় এবং পরপর আদালতের হাজতখানায় নেওয়া হয়।

ট্রাইব্যুনাল চত্বরে নিরাপত্তা আরও জোরদার করতে অতিরিক্ত সেনা ও বিজিবি মোতায়েন করা হয়, যা সাম্প্রতিক সময়ের সবচেয়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা হিসেবে দেখা গেছে।

গত ৮ অক্টোবর ট্রাইব্যুনাল তিনটি মামলায় মোট ২৫ বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একই দিনে প্রসিকিউশন ফরমাল চার্জ জমা দেয়। এর পর ২২ অক্টোবর সেনাবাহিনীর হেফাজতে থাকা ১৫ কর্মকর্তাকে সাধারণ পোশাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তারা বর্তমানে ঢাকা সেনানিবাসের ঘোষিত সাব-জেলে রয়েছেন।

পলাতক আসামিদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বাংলা ও ইংরেজি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দিয়েছে ট্রাইব্যুনাল—যা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে।

এর আগে একই ট্রাইব্যুনাল দুটি পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, এবং ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালকসহ মোট ৩০ জনের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।