‘ম্যারেজ ব্যুরো’র আড়ালে নারীদের প্রতারণা—মুফতি কাসেমী গ্রেপ্তার


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন

ঢাকার আটিবাজারের বাসা থেকে রবিবার বিকেলে গ্রেপ্তার করা হয়েছে ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীকে। নারীর প্রতি নির্যাতনের অভিযোগে কেরানীগঞ্জ থানায় দায়ের করা মামলায় তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ। বর্তমানে তিনি থানায় হেফাজতে আছেন।

অভিযোগের সূত্রপাত হয় গত মাসে, যখন কাসেমীর কথিত তৃতীয় স্ত্রী পরিচয়ে এক নারী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিস্তৃত বিবৃতি দেন। তিনি জানান, ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’ প্রথমে নারীদের নিরাপদ বিবাহের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তাদের স্বল্পমেয়াদি বৈবাহিক চুক্তিতে যুক্ত করে, ব্যবহার করে, পরে পরিত্যক্ত করে—এমন একটি নেটওয়ার্ক হিসেবে পরিচালিত হচ্ছিল।

সেই নারী আরও অভিযোগ করেন, মৌখিক বিবাহ, জোরপূর্বক গর্ভপাত এবং হুমকিসহ ব্যক্তিগত নির্যাতনের শিকার হয়েছেন তিনি। তার দাবি, এসব অপকর্মের পরও কাসেমী কুষ্টিয়ায় ১৩ বছর বয়সী একটি মেয়েকে বিয়ে করেন—যা এখনো গোপন রাখা হয়েছে।

অভিযোগ ওঠার পরপরই কাসেমীর পরিবারের পক্ষ থেকে নারীকে হুমকি দেওয়া হয় বলেও পোস্টে উল্লেখ করা হয়। ঘটনার পর ১৪ অক্টোবর তিনি থানায় মামলা দায়ের করেন।

পুলিশ বলছে, মামলা চলমান রয়েছে এবং অভিযোগগুলো বিস্তারিতভাবে তদন্ত করা হবে।