সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহায়তা কামনা প্রধান উপদেষ্টার


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৫, ৫:০৫ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু ও স্বচ্ছ ভোট আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ের সঙ্গে বৈঠকে তিনি এই অনুরোধ জানান।

ড. ইউনূস বলেন, “গণতান্ত্রিক উত্তরণকে শক্তিশালী করতে এবং নির্বাচন সফলভাবে আয়োজন করতে আপনাদের সহায়তা প্রয়োজন।”

জবাবে কমনওয়েলথ মহাসচিব আশ্বাস দিয়ে বলেন, “কমনওয়েলথ বাংলাদেশকে নির্বাচন এবং নির্বাচন-পরবর্তী উত্তরণ—উভয় প্রক্রিয়ায় পূর্ণ সহায়তা দেবে।”

তিনি আরও উল্লেখ করেন যে কমনওয়েলথের ৫৬টি সদস্যদেশ, যার মধ্যে জি–৭ ও জি–২০–এর দেশও রয়েছে, পারস্পরিক সমর্থনের জন্য বিস্তৃত সুযোগ তৈরি করে।

ঢাকায় অবস্থানকালে মহাসচিব দেশটির প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারের সঙ্গে বৈঠক করেছেন বলে জানান।