এসপি হতে ৫০ লাখ টাকার ঘুস—শাস্তি মাত্র ‘তিরস্কার’


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৫, ৬:৫৪ অপরাহ্ন

বরিশাল মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার এবং নরসিংদীর সাবেক পুলিশ সুপার মো. আব্দুল হান্নানের বিরুদ্ধে ঘুস লেনদেন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ার পরও তার শাস্তি হিসেবে শুধু ‘তিরস্কার’ দেওয়া হয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখার জারি করা প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে, ২০২৩ সালে নরসিংদীর এসপি পদে পদায়নের আশায় হান্নান কথিতভাবে রবিউল মুন্সী নামের এক ব্যক্তিকে ৫০ লাখ টাকা ঘুস দেন। কিন্তু ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনে সেই পদায়ন কার্যকর হয়নি। পরে নরসিংদীতে এসপি হিসেবে যোগ দিয়ে তিনি এবং তার অধীনস্ত কর্মকর্তা অনুমতি ছাড়াই ঢাকায় গিয়ে রবিউল মুন্সীর অফিস থেকে ৫ লাখ টাকা আদায় করেন; বাকি টাকার ফেরত নিশ্চিতে স্বহস্ত লিখিত দলিলও নেন।

আরও জানা যায়, এক সাংবাদিকের সঙ্গে ফোনালাপে নিজের বদলি–বাণিজ্য ও ব্যক্তিগত কাজে অধস্তন সদস্যদের ব্যবহারের কথা স্বীকার করেন তিনি। কথোপকথনটি গণমাধ্যমে প্রকাশিত হলে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

ব্যাখ্যা তলবের পর হান্নান লিখিত জবাব ও ব্যক্তিগত শুনানি চান। ১৯ নভেম্বরের শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হলে তাকে ‘তিরস্কার’ দণ্ড দেওয়া হয়—যা পুলিশ বাহিনীর জবাবদিহি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।