তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মঙ্গলবার থেকে তিন দিনের পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন। কর্মসূচির কারণে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যত স্থবির হয়ে পড়েছে। দীর্ঘ আলোচনার পরও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান অগ্রগতি না থাকায় এ কর্মসূচির ঘোষণা দেয় প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ‘ঐক্য পরিষদ’।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাবেরা বেগম জানান, সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেড প্রদান, শতভাগ বিভাগীয় পদোন্নতি, এবং দীর্ঘ চাকরিজীবনে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন—এই তিন দাবির বিষয়ে বারবার আলোচনা চললেও সমাধান আসেনি। ফলে তারা বাধ্য হয়ে কর্মবিরতিতে গিয়েছেন।
ঐক্য পরিষদ জানায়, দাবি আদায়ে অগ্রগতি না হলে বার্ষিক পরীক্ষা বর্জন এবং আগামী ১১ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের অনশন শুরু হবে। সংগঠনের আহ্বায়ক শাহীনূর আকতার বলেন, সরকারের আশ্বাস বাস্তবে রূপ না নেওয়ায় আন্দোলন আরও কঠোর করতে হচ্ছে।
দেশে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত প্রায় ৩.৮ লাখ শিক্ষক দীর্ঘদিন ধরে গ্রেড বৈষম্য দূর করার দাবি জানিয়ে আসছেন। তাদের অভিযোগ, অন্যান্য খাতে স্নাতক ডিগ্রিধারীরা ১০ম গ্রেড পেলেও প্রাথমিকের সহকারী শিক্ষকরা অতিরিক্ত প্রশিক্ষণ থাকা সত্ত্বেও এখনো ১৩তম গ্রেডে রয়ে গেছেন।
আপনার মতামত লিখুন :