বনানীতে ১২ রেস্টুরেন্টসহ স্পা সিলগালা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৫, ৯:০০ অপরাহ্ন

রাজধানীর বনানীতে অবৈধ বাণিজ্যিক কার্যক্রম দমনে অভিযান চালিয়ে ১২টি রেস্টুরেন্ট, সেলুন ও স্পা সিলগালা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত জোন ৪/২–এর এলাকায় পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন।

অভিযানের সময় আরও সাতটি ভবনের ২২টি অফিস আগামী এক মাসের মধ্যে বন্ধ করার জন্য অঙ্গীকারনামা দেয়। পাশাপাশি একটি নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “বনানীর আবাসিক পরিবেশ রক্ষায় এবং অননুমোদিত ব্যবসা নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

সিলগালা হওয়া প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—
তুর্কিস কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট, ভাই ভাই রেস্টুরেন্ট, শাকিল মোটরস, বিবিধারা রেস্টুরেন্টের চারটি ইউনিট, মেন্স ক্লাব, লন্ডন সেলুন অ্যান্ড জেন্টস পার্লার, আহেলি কাবাব অ্যান্ড চায়নিজ, পেশোয়ারি টেইলর শপ ও চায়ের দোকান, সালাম’স কিচেন, খিচুড়ি ওয়ালা এবং কফিক্স।

অভিযানে রাজউকের অথরাইজড অফিসার, ইমারত পরিদর্শকসহ আইন–শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।