কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৫, ৯:০৫ অপরাহ্ন

রাজধানীর মহাখালী–সংলগ্ন কড়াইল বস্তিতে মঙ্গলবার বিকেলে লাগা ভয়াবহ আগুন রাত পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সূত্রপাতের পর ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, বস্তির ঘরগুলো টিন, বাঁশ, কাঠ ও লোহার তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একতলা থেকে তিনতলা পর্যন্ত বহু ঘরই মুহূর্তে দাউদাউ করে জ্বলে ওঠে। আগুন লাগার পরপরই পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

কড়াইলের অধিকাংশ বাসিন্দা পোশাকশ্রমিক, রিকশাচালক, হকার বা দিনমজুর। আগুন লাগার সময় অনেকে বাইরে কাজে থাকায় বাড়িঘর বাঁচানোর সুযোগ পাননি। সন্ধ্যার পর দেখা যায়, ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়রাও চাপকল ও খাল থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করছেন।

রাত পর্যন্ত আগুনের উৎস বা ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যায়নি।